জাফলংয়ে চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

জাফলংয়ে চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে চোর সন্দেহে ইমাম উদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাটের জাফলং মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান এবং কপিল উদ্দিন লিটন।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটকের পর বাগান কর্তৃপক্ষ ও চৌকিদাররা মিলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।

তবে, ইমাম উদ্দিনের পরিবারে দাবি হত্যাকান্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতের বেলা ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট