২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ম নিয়ে যেমন কারো বাড়াবাড়ি করা উচিত নয়, তেমনি ধর্ম নিয়ে রাজনীতি করাও উচিত নয়। প্রধানমন্ত্রী আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি সরানোর কথা বলে ভুল করেছেন। আবার সেটা প্রধান বিচারপতি এসকে সিনহার ঘাড়ে চাপিয়ে আরো বেশি ভুল করেছেন। এটা কোনোভাবেই ঠিক হয়নি।
মঙ্গলবার রাতে গণভবনে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শফীসহ আলেমদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী রাজনীতি করতে চেয়েছেন, যার ফলে এমন কথা বলে তিনি মূলত উগ্র-ধর্মান্ধদের উসকে দিয়েছেন, ভবিষ্যতে এর পরিণতি হবে ভয়াবহ। কেননা, আজ গ্রিক ভাস্কর্যকে মূর্তি আর বাংলাদেশি ভাস্কর্যকে ভাস্কর্য বলছেন, এটা হয় না। আজ তারা আদালত প্রাঙ্গণের ভাস্কর্য মূর্তি আখ্যা দিয়ে সরানোর দাবি করেছে আগামী দিনে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে স্থাপিত শেখ মুজিবের ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে সরাতে বলবে না এর কী গ্যারান্টি আছে।
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী কোনো ধরনের সংস্কারের কথা না বলে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে এমএ সমমান দিয়ে আরেকটি ভুল করেছেন। বরং তিনি সংস্কারের কথা বলতে পারতেন। ওই শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান, গণিত ও ইংরেজিসহ মহান মুক্তিযুদ্ধের সিলেবাস অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করার কথা বলতে পারতেন। কিন্তু তা তিনি বলেননি। এর মাধ্যমেই বুঝা যায়-এটা নিয়ে রাজনীতি হচ্ছে।মুক্তিযুদ্ধের এই সংগঠক আরো বলেন, আমরা ইসলামের ইতিহাসের কথা বলি, অথচ আমাদের শিক্ষাব্যবস্থায় হযরত আয়েশা (রা.) এর জীবনী অন্তর্ভুক্ত করছি না। ওই সময় নারীদের অবস্থান কেমন ছিল, তারা সমাজে কেমন ভূমিকা পালন করেছেন তা শিক্ষা দেয়া হচ্ছে না। এটা মেনে নেয়া যায় না। নারীর অগ্রগতির ক্ষেত্রে হযরত আয়েশা (রা.) এর জীবনী পাঠ্য করা হলে সেটা একটা কাজের কাজ হতো। কিন্তু তা করা হচ্ছে না। কেন করা হচ্ছে না, তা আমরা জানি না। ফলে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি ও রাজনীতি করা কারো উচিত নয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D