শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।

আজ বুধবার দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নির্দেশে নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শহরের স্টেশন রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, ভানুগাছ রোড এবং ডাকবাংলো পুকুরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা ও বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।

অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতা ছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “শহরের সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনে এই অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী বারবার উচ্ছেদের পরও পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন।”

তিনি আরও বলেন, “অনেক ব্যবসায়ী নিজেদের দোকানের ময়লা রাস্তায় ফেলেন, যা শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।”

শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহর শুধু প্রশাসনের নয়, সকলের। তাই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে আমাদের সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট