১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবতী। তার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আপন চাচী। একই পরিবারের দুইজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম উদ্দিনের মেয়ে শিপা বেগম (২২) অজ্ঞাত কারণে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাতিজির মৃত্যুর খবর শুনেই চাচী ফুলেছা বেগম (৫০) মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ফুলেছা বেগমের স্বামীর নাম ছমির উদ্দিন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবদুলাল ধর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপা বেগম বিষপানে আত্মহত্যা করেছেন। আর ফুলেছা বেগমের মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। ‘
তবে কী কারণে শিপা আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ‘শিপা বেগমের লাশ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার তা মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D