সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে সিলেট শহর থেকে দুইজন ও গোয়াইঘাট থেকে একজনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার দেলোয়ার, শাহজাহান এবং ফারুক মিয়া।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে দেলোয়ার, শাহজাহানকে সিলেট থেকে ও ফারুক মিয়াকে গোয়াইঘাটের জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয়রা উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকলে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়িবহর। বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরও বিরূপ হতে থাকে।

এদিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনবে আসামী করা হয়। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে বাকী ১৫০ জনকে অজ্ঞাত আসামী হিসেবে দেখানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘সরকারি কাজে বাধা দেয়া এবং উপদেষ্টাদের সড়ক অবরোধ ও জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলাটি রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট