জকিগঞ্জে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, দুই ভাই আটক

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

জকিগঞ্জে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, দুই ভাই আটক

সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে তাদের বসতঘর থেকে ইয়াবার চালান উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে সিলেট গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মুকিত মুকুল (৫৫) ও তার সহোদর মো. আব্দুল কাদির (৪৮)। উদ্ধারকৃত ৫০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীদের ঘর তল্লাশী করে পঞ্চাশ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মোট ওজন পাঁচ কেজি এবং এই সাথে একটি নকিয়া নামীয় (মডেল TA: 1203) মোবাইল ফোন সেট জব্দ করা হয়। ৫০ হাজার পিস ইয়াবা ব্যবসায় জড়িত দুইজনকে আটক করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক পলাশ পাল জানান, জকিগঞ্জ থানাধীন উত্তরকুল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আটক ব্যক্তিদের রিমান্ড আবেদন করে জেলগেটে জিজ্ঞাবাদ করা হবে বলেও জানান পলাশ পাল।

তিনি জানান অন্যান্য বাহিনীর পাশাপাশি আমাদের টিমও প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সক্রিয় আছি। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে এই সমাজকে মাদকমুক্ত করতে এগিয়ে আসুন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট