জৈন্তাপুরে ঘুমন্ত অবস্থায় বাড়ীতে হামলা, আহত ৪

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

জৈন্তাপুরে ঘুমন্ত অবস্থায় বাড়ীতে হামলা, আহত ৪

সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত পরিবারের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘুমন্ত পরিবারের উপর হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, কেন্দ্রী গ্রামের আব্দুল্লাহ মিয়ার স্ত্রী জাকিয়া বেগম (৩০), নুনু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩০), নুনু মিয়ার ছেলে আলী হোসেন (১৩), মৃত আনছার মিয়ার স্ত্রী আজিরুন নেছা (৩৫)।

উক্ত ঘটনায় আমিরুন নেছা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন। বর্তমানে তারা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী সূত্রে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন হতে বিরোধ চলে আসছে। এ নিয়ে এখন পর্যন্ত তিনবার পরিবারের উপর হামলার অভিযোগ রয়েছে কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মতিন (৪৫) এর বিরুদ্ধে।

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে আব্দুল মতিন বলেন, আমি গত কয়েকদিন যাবৎ বরিশাল চরমনাইয়ের মাহফিলে ছিলাম। আর এই সুযোগে তারা মুরুব্বিদের নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলে ছিলো। তিনি বলেন, তিনি ও তার পরিবার কোন দেশীয় অস্ত্র নিয়ে কারোর উপর হামলা করেননি। এটি তার ও তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করেন।

এ বিষয়ে জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে শিশু, বৃদ্ধ ও যুবতী মহিলা কেউই বাদ যায়নি, ইচ্ছামতো মারধর করেছে। ঘর দোয়ার ভেঙ্গে নিয়ে গেছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ন্যাক্কার জনক ঘটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ২০ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে হামলার ঘটনায় আহতরা জৈন্তাপুর মডেল থানায় এসেছে। আমি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। ইতিমধ্যে অভিযোগ হাতে এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট