বৃহস্পতিবার থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ধর্মঘট আহ্বান

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বৃহস্পতিবার থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ধর্মঘট আহ্বান

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেয়ায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন থেকে এই কর্মসূচির ডাক দেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে পরিবহন শ্রমিকরা বলেন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রদান করে বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দিয়ে আসলেও উপেক্ষিত থাকছে দাবিটি। ফলে বৃহস্পতিবার থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলার ৬টি পরিবহন সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়েজ নূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন ও লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট