সিলেটে পাথর বোঝাই ট্রাকে মিলল ৩০৮ বস্তা ভারতীয় চিনি, আটক ২

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

সিলেটে পাথর বোঝাই ট্রাকে মিলল ৩০৮ বস্তা ভারতীয় চিনি, আটক ২

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকে লুকিয়ে পাচারকালে ৩০৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা ট্রাকটিও জব্দ করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাককে সংকেত দেওয়া হলে ট্রাকটি থামে। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকে পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে আবৃত ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৮ লক্ষ ১১ হাজার ৪০ টাকা।

আটকরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ডুপি এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) ও একই এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহমেদ (১৯)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট