পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা

সিলেট নগরীর জিন্দাবাজারের আল হামরা শপিং সিটির একটি স্বর্ণের দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেন ব্যবসায়ী নেতারা।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা দায়ের ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার বা স্বর্ণ উদ্ধার হয়নি।

এসময় মানববন্ধনে বাজুস সিলেট জেলা সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর বলেন, ‘মামলা দায়েরের পর দফায় দফায় আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। শুধু বলা হচ্ছে, তাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে। চোরদের তারা শনাক্ত করে ফেলেছেন, শিগগিরই গ্রেপ্তার করা হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই চোর চক্রকে ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলো। চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ঘটনার আগেও সিলেটে এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি। শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে চুরি, ডাকাতির কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। তাই ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘চোরদের শনাক্ত করা গেছে। কিন্তু তারা বার বার স্থান পরিবর্তন করায় তাদের ধরতে বেগ পেতে হচ্ছে। আশা করি শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট