সিলেটে পাথর চুরির ঘটনায় আরএনবির চার সদস্য বরখাস্ত

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

সিলেটে পাথর চুরির ঘটনায় আরএনবির চার সদস্য বরখাস্ত

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় পাথর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত আরএনবি সদস্যদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন: এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন এবং সিপাহী মো. আব্দুল হাই। তারা সবাই ভোলাগঞ্জ পাথর কোয়ারী বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

এছাড়াও পাথর চুরি ঘটনা সরেজমিন তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয় কমিটিকে।

গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন এবং আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগ নেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট