ওসমানীনগরে একই রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

ওসমানীনগরে একই রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

সিলেটের ওসমানীনগরে একই রাতে তিন প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রায় ২৩ ভরি স্বর্নালংকার, নগদ টাকাসহ ৩৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে। এসময় ডাকাতদের হামলায় দুই পরিবারের ৩জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার লতিবপুর গ্রামের ছানাওর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০), ছেলে হোসাইন আহমদ (২২) ও মাধবপুর গ্রামের সিরাজ মিয়া(৪০)।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এরআগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুর রব এর ছেলে মামুন আহমদ ও লতিবপুর গ্রামের ছানাওর আলীর ছেলে মিজানুর রহমান ও পার্শ্ববর্তী আশিক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে লতিবপুর গ্রামের প্রবাসি মিজানুর রহমানের বাড়িতে বসত ঘরের কেচি গেইট ও দরজা ভেঙ্গে ১২/১৩জনের ডাকাতদল ঘরে ঢুকে কোন কিছু বুঝার আগেই মিজানের ছোট ভাই হোসাইন আহমদ এর মাথায় রড দিয়ে আঘাত করে আহত করে একটি কক্ষে তাকে বেঁধে রাখে। এরপর অপর কক্ষে হোসাইন আহমদ এর মা আনোয়ারা বেগমকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ৬ ভরি স্বর্নালংকার লুটে নেয়।

একই সময়ে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামের আব্দুর রব এর ছেলে মামুন আহমদ এর বাড়িতে ৭/৮ জনের একদল ডাকাত ঘরের কেচি গেইট ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গৃহকর্মী সিরাজ মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে। তখন মামুন আহমদ এর ঘরে থাকা ১৬ ভরি স্বর্নালংকার, নগদ টাকা ও যুক্তরাজ্যের পাউন্ডসহ প্রায় ১ লক্ষ টাকা লুটে নেয়।

একই সময়ে লতিবপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসি আশিক মিয়ার বাড়ির কেচি গেইট ও দরজা ভেঙ্গে ১ ভরি স্বর্নালংকার ও নগদ ১১শ টাকা সহ কিছু মালামাল লুটে নেয় ডাকাতরা। এসময় আশিক মিয়ার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। সকালে গ্রামে ডাকাতি হয়েছে খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন তাদের ঘরের কেচি গেইট ও দরজার তালা ভাঙ্গা এবং আলমিরায় থাকা স্বর্নালংকার নেই। সকল বাড়িতে ডাকাতিকালে ডাকাতরা বাড়ির আসবাবপত্র ভেঙ্গে কাপড় চোপড় তছনছ করে ফেলে যায়।

লতিবপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী পারভিন বেগম বলেন, আমি আমার বাপের বাড়ি ছিলাম। সকালে গ্রামে ডাকাতি হয়েছে শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরের কেচি গেইট ও দরজা খোলা এবং আলমিরায় রক্ষিত স্বর্নালংকার ও টাকা নেই।

আহত হোসাইন আহমদ বলেন, ভোররাত ৩টার দিকে কেচি গেইট ও দরজা ভেঙ্গে ১২/১৩জন ডাকাত ঘরে ঢুকে আমাদের মারধর করে ৬ ভরি স্বর্ন লুটে নেয়। রড দিয়ে আমার মাথায় আঘাত করেছে এবং আমার মাকে মেরেছে। সকালে পুলিশ এসে দেখে গেছে। মাধবপুর গ্রামের মামুন আহমদ বলেন, আমরা ঘুমে ছিলাম। রাত ৩টার দিকে ৭/৮জন ডাকাত কেচি গেইট ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্নালংকার, পাউন্ডসহ নগদ ১ লক্ষ টাকা লুটে নেয়। এসময় তারা সিলেটি ও শুদ্ধ ভাষায় কথা বলে। প্রায় ৪৫মিনিট তারা আমার ঘরের সকল আলমিরা ভেঙ্গে তছনছ করে। এরপর আমাদের ঘরে বেঁধে রেখে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় দু’টি সিএনজি চালিত অটোরিকশার শব্দ শুনতে পেয়েছি।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট