গোয়াইনঘাটে চুরির অভিযোগে যুবককে হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

গোয়াইনঘাটে চুরির অভিযোগে যুবককে হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে গরু চোর সন্দেহে সারাদিন গণপিটুনি দিয়ে চুন ও বালু মেশানো এসিড পানি খাওয়ানোর পর যুবকের মৃত্যুর ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার রাধানগর এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল।

গ্রেফতার মো. মুছা মিয়া মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওর্য়াডের সদস্য।

ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য ঘটনার সঙ্গে জড়িত। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় নিহত হেলাল মিয়া (৩৫) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় জাফলংয়ে বালু উত্তোলনের কাজে গিয়েছিলেন হেলাল মিয়া। কিন্তু কাজ না পেয়ে ফেরার পথে তাকে গরু চোর সন্দেহে সারাদিন পিটিয়ে বালু-চুন মিশ্রিত এসিড পানি জোর করে খাওয়ানো হয়। যে কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনার চার মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালেই হেলাল ও ওই কিশোরকে আটক করে গ্রামবাসী। পরে দিনভর তাদের ওপর নির্যাতন চলে।

ওসি তোফায়েল বলেন, “গরু চোর সন্দেহে আটকের পর হেলালকে জনতা মারধর করে। এক পর্যায়ে আধা কেজি চুন পানিতে মিশানো হয়, তারপর এতে বালু দেওয়া হয়। সেই মিশ্রণ হেলালকে জোর করে খাওয়ানো হয়।

বুধবার সকাল ৬টার দিকে হেলাল বমি করে তখন তার নাক দিয়ে সাদা পানি বের হয়েছিল। বারবার বাথরুম হচ্ছিল। পরিবারের লোকজন জানিয়েছে, তখন তার পায়খানার সঙ্গে রক্তও গেছে। তারপর তিনি মারা গেছেন।”

এ ঘটনায় গুরুতর আহত অপর এক কিশোরকে সিলেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এছাড়াও এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট