সাংবাদিক তুরাব হত্যা, এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

সাংবাদিক তুরাব হত্যা, এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে

ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় সাদেক কাওসার দস্তগীরকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন ৫দিনের রিমান্ডের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রব।

তিনি জানান, সাদেক কাওসার দস্তগীরকে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক আসামি পুলিশের কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট