হরতালে শাহাবাগে খণ্ডযুদ্ধ, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ২০

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

হরতালে শাহাবাগে খণ্ডযুদ্ধ, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ২০

রাজধানীর শাহাবাগে হরতাল সমর্থক প্রতগতিশীল ছাত্রজোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পিকেটারদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা রাজধানীতে অর্ধদিবস হরতালকে কেন্দ্র করে সকাল থেকে নগরীতে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা এই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি, বাংলাদেশ সমাজতাস্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ফন্টসহ কয়েকটি ছোট ছোট বাম দল।

মিছিলগুলো পল্টন মোড় হয়ে গুলিস্তান, দৈনিকবাংলা মোড়, প্রেসক্লাব, বিজয়নগর মোড়ে ঘুরে ফের পল্টন মোড়ে আসে শেষ হয়।

এসময় তারা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হরতাল সমর্থনে রাস্তায় ইট দিয়ে পিকেটিং করার চেষ্টা করনে। তাদের পুলিশি বাধার মুখেও পড়তে দেখা গেছে।

মঙ্গলবারের হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বাম দল দু’টি।

সোমবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াতে নিযুক্ত বাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে দলীয় বক্তব্য তুলে ধরে সিপিবি-বাসদ।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি কার্যকর হবে।

মূল্যবৃদ্ধির ফলে আগামী ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা দিতে হবে।

হঠাৎ গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মঙ্গলবার আধাবেলা হরতাল ডাকা হয়েছে। বিভিন্ন মহলে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা এর বিরুদ্ধে সোচ্চার।