সিলেট বেতারকেন্দ্রে আগুন, তিন ঘন্টা পর সম্প্রচার চালু

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

সিলেট বেতারকেন্দ্রে আগুন, তিন ঘন্টা পর সম্প্রচার চালু

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর এ কারণে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার তিন ঘন্টা বন্ধ থাকে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার সার্ভিসে সিলেটের দুটি ইউনিট।

এদিকে, এসির কম্প্রেসার বিস্ফোরণের কারণে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ হয়ে যায়। বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ ছিলো। ৩ ঘন্টা বন্ধ থাকার পর বিকেল ৪টার দিকে সম্প্রচার স্বাভাবিক হয়েছে।

বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘বেলা ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে ৫ টনের একটি এসির কম্প্রেসার বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এফএম সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিলো। এতে শুধুমাত্র এফএম সম্প্রচার ৩ ঘন্টা বন্ধ ছিল। বিকেল চারটা থেকে বেতারের সম্প্রচার স্বাভাবিক আছে।’

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, ‘ দুপুর ১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সিওটু (কার্বন ডাই অক্সাইডসহ আগুন নেভানোর গ্যাস) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট