গোলাপগঞ্জে ৩৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

গোলাপগঞ্জে ৩৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিলেটে ১৬ বছর বয়সে খুন করে দীর্ঘ ৩৩ বছর পালিয়ে থাকার পর ৫৬ বছর বয়সে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দের করগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুক মিয়া (৫৬) উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাও গ্রামের চরন মিয়ার ছেলে। তিনি চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলার আসামী। আব্দুস সালাম একই গ্রামের হাছন আলীর ছেলে।

জানা যায়, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার হতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে নির্মমভাবে হত্যা করেন মাসুক মিয়া। হত্যার পর তিনি কৌশলে চট্রগ্রামে চলে যান। সেখানে ৫/৬ মাস থাকার পর চাচা আরজদ আলীর কাছে ভারতে চলে যান। আরজদ আলী পাকিস্থান আমল থেকেই ভারতে অবস্থান করছিলেন। সেখানে চাচার আশ্রয়ে থেকে দীর্ঘ ৩৩ বছর কাটিয়ে দেন। মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে ২/১ মাস অবস্থান করে আবার ভারতে চলে যেতেন।

সম্প্রতি আবারও দেশে আসলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং- ০৮(০৪)৯০), জি.আর মামলা নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট