৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩
সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কনস্টেবল ফয়সল আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহীবিশিষ্ট একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল আহমদ (২৭) দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে চাইলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহীরা চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন। পরে অন্য পুলিশরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে, পুলিশ কনস্টেবল ফয়সলকে ধাক্কা দেওয়া দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান- ফয়সলের লাশ ওসমানী হাসপাতালে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D