৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার (১৫ জুলাই) দশ দফা দাবিতে সিলেট রেজিস্ট্রারি মাঠে জনসভা করার কথা ছিল সিলেট মহানগর জামায়াতে ইসলামীর। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় জনসভা করা সম্ভব হয়নি বলে অভিযোগ করা হয়েছে দলের পক্ষ থেকে।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ২১ জুলাই (শুক্রবার) সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জনসভা করা হবে।
সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। জাতির যেকোনে ক্রান্তিকালে জামায়াত আর্তমানবতার কল্যাণে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, আইন ও মানবাধিকারের পক্ষে জামায়াত সবসময় শক্তিশালী ভূমিকা পালন করে। বর্তমানেও জাতির ক্রান্তিলগ্নে জামায়াত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে আছে। নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দ ও কারান্তরীণ আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, ঘনঘন লোডশেডিং, দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নাগরিক জীবন অতিষ্ঠ, বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা ও পাচারকারীদের শাস্তি প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক দমন-পীড়ন বন্ধ ও বন্ধ করে দেওয়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সমূহ খুলে দেওয়াসহ ১০ দফা দাবিতে আজ শনিবার (১৫ জুলাই) বেলা ২টায় সিলেট মহানগর জামায়াত জনসভার আয়োজন করেছিল। কিন্তু এসএমপির অনুমতি না থাকায় তারা জনসভা করতে পারেনি।’
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে গত বুধবার (১২ জুলাই) এসএমপি কার্যালয়ে যোগাযোগ করা হলে জনসভা করা যাবে না বলে কোনো কিছু জানানো হয়নি। গত শুক্রবার রাতে এসএমপির পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় জনসভার অনুমতি দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেয়া হয়নি। অথচ সভা সমাবেশ করা সকল দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সেই অধিকারকে দীর্ঘদিন থেকে হরণ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে রেখে বিনাবিচারে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অবিলম্বে বিরোধী দলীয় সকল বন্দি ও আলেম-উলামার নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতি আজ ঐক্যবদ্ধ। এ লক্ষ্যে সিলেট মহানগর জামায়াত আগামী ২১ জুলাই (শুক্রবার) সিলেট রেজিস্ট্রারি মাঠে শান্তিপূর্ণ জনসভা করবে। আমাদের এ কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকসহ স্থানীয় প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D