৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৩
অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়কে সকল ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি।
শনিবার (৮ জুলাই) রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার মসজিদে জরুরি বৈঠক শেষে সালিশ কমিটি এ ঘোষণা দেয়।
জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসচাপায় ইজিবাইক (টমটম) এর পাঁচজন যাত্রী নিহতের জেরে সিলেট-তামাবিল মহাসড়কে রোববার (৯ জুলাই) সকাল থেকে বিষয়টি কার্যকর হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
সালিশ কমিটির সিদ্ধান্তের বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ সাংবাদিকদের বলেন, সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিলেট তামাবিল মহাসড়কে আজ রোববার সকাল থেকে কোন ধরনের বাস-মিনিবাস চলাচল করতে পারবে না। তবে অন্য যেকোন যানবাহন স্বাভাবিকভাবেই চলবে। কারণ দরবস্ত বাজারে বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় বাসমালিক সমিতি বা এই রুটের পরিবহনের সাথে জড়িত কেউই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেনি। এমনকি আহত বা নিহতের কোন খোঁজখবর রাখেনি।
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভের প্রেক্ষিতে সালিশ কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জৈন্তার ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি বিভিন্ন ইস্যুতে গত কয়েক দশক ধরে ভূমিকা পালন করে আসছে। যদি পরিবহনের সাথে সংশ্লিষ্টরা ১৭ পরগনার মুরব্বিদের সাথে এই বিষয়ে সমন্বয় করেন তবে মুরব্বিরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর আমরা জনপ্রতিনিধিরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আজ এই বিষয়টি উপস্থাপন করবো।
এদিকে, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক জানিয়েছেন, হঠাৎ কেউ ঘোষণা দিয়ে বাস চলাচল বন্ধ রাখতে পারে না।আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
প্রসঙ্গত, গত ৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D