সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ, আসছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৩

সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ, আসছেন মির্জা ফখরুল

বিএনপির তিন অঙ্গ-সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ‘দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ’ আজ রোববার (৯ জুলাই) বেলা ২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে সমাবেশ সফলের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচী নিয়েছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয়, বিভাগের ৪ জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে শনিবার সকালে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে দেশে চার কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছেন না। দেশ পড়েছে হায়েনার কবলে। কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই দেশজুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

তিনি অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায় মেধা-যোগ্যতা বিবেচনা না করে, দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সকল রকমের যোগ্যতা থাকা সত্তে¡ও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন এই বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু বলেন, ইতিপূর্বে আমরা দেশের অন্যান্য জায়গায় যখন সমাবেশ করার ঘোষণা দিয়েছি, তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি।

টুকু বলেন, সমাবেশকে সামনে রেখে সাত দিন ধরে সিলেটে লিফলেট বিতরণ ও প্রচারণা চলছে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সরকার দলের অঙ্গ সংগঠনের কোনো আয়োজন আমাদের সমাবেশে বাধা হবে না বলে আমি আশাবাদী।

সংবাদ সম্মেলনে তারুণ্যের সমাবেশ সফল করার জন্য সিলেটের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে লক্ষাধিক তরুণ অংশ নিবে বলে আশা প্রকাশ করেন তারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট