সিলেটে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

সিলেটে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সকল প্রধান নদ-নদীগুলোয় পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ফলে এ অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সোমবার (০২ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরিসহ বিভিন্ন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টয় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির অবস্থান হতে পারে বিপদসীমার কাছাকাছি। তবে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে সিলেটে গত ২৪ ঘন্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি বাড়তে থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। টানা বৃষ্টি চললে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে। তবে এ থেকে বড় বন্যার কোনো আশঙ্কা দেখছেন না বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলীরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, দেশের বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। যে কারণে বৃষ্টি বেড়ে গেছে। আগামী এক সপ্তাহ তা একই রকম থাকতে পারে। ফলে বৃষ্টি আগামী এক সপ্তাহ একইভাবে ঝরতে পারে।

এদিকে বৃষ্টি ও মেঘ বেড়ে যাওয়ায় সিলেটসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। গরমের অনুভূতি কমে গিয়ে কিছুটা স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে। জুলাই মাসের বেশির ভাগ সময়জুড়ে এ ধরনের আবহাওয়া থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট