দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বৃহত্তর সিলেট আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে (১৯ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রশাসনিক চেয়ারম্যান এবং ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন তিনি। দেওয়ান ফরিদ গাজী ১৯২৪ সালের ১ মার্চ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেওয়ান হামিদ গাজী।

দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজীর শুভাকাঙ্খী ও অনুসারীসহ আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করবেন।

ফরিদ গাজীর ছেলে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানিয়েছেন, দেওয়ান ফরিদ গাজীর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এবং নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন দরগা, মসজিদ ও মাদরাসায় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট