২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২১
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ লাখের নিচে নেমে এসেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়া-যুক্তরাজ্যকে হটিয়ে সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি। এ দিকে দৈনিক মৃত্যুতে এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-ব্রাজিল এবং মেক্সিকোর নাম। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৬ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যা ৫০ লাখ ৯৪ হাজারে পৌঁছে গেছে।
শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। ছয় হাজার ৫০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫০ লাখ ৯৪ হাজার ৮৬০ জনে দাঁড়িয়েছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৯৫ হাজার ৩০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৬ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে পৌঁছেছে।
এ দিকে গেল এক দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। যুক্তরাষ্ট্র-রাশিয়া-যুক্তরাজ্যকে হটিয়ে সংক্রমণের শীর্ষস্থানে উঠে আসা ইউরোপের এই দেশটিতে নির্ধারিত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৩৭৭ জন। আর মারা গেছেন ২২৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ লাখ ২৫ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৮২২ জনের।
অপর দিকে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। শেষ এক দিনে দেশটিতে কোভিড শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার ২৩৭ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭৫৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৯ লাখ ৫২ হাজার ৪৭২ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৫১ হাজার ৬৯১ জনের।
গেল এক দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা অনেকটা হ্রাস পেয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫৯৬ জন। আর মারা গেছেন ৫৩৯ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশে এখন পর্যন্ত চার কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৮০ হাজার ৭৭৫ জন।
এছাড়া শেষ ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৪০৮ জন। আর মৃত্যু হয়েছে ১৯৫ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৯৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন এক লাখ ৪২ হাজার ৫৩৩ জন কোভিড রোগী।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪৩ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ১৯ লাখ ২৬ হাজার ৫২৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৩২৩ জনের।
এ দিকে কোভিড আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী সংক্রমিত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ এক দিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯৫ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৩৯০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৪ লাখ চার হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন চার লাখ ৬২ হাজার ৩৮৪ জন।
এছাড়া কোভিড আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১২৩ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৯৭ জন, ইউক্রেনে ৬৫২ জন এবং পোল্যান্ডে ২৭৪ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন ২৬৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজার ৩৭৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D