সিলেটে ছুরিকাঘাতে চীনের নাগরিক নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১

সিলেটে ছুরিকাঘাতে চীনের নাগরিক নিহতের ঘটনায় মামলা

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ছুরিকাঘাতে ওয়েন্টাও ওয়েই (৪৮) নিহতের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (১৯ মে) রাত ১১টায় নিহতের স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নং- মামলা নং ৪৪। তারিখ ১৯/০৫/২০২১ ইং।

মামলায় তিনি হত্যার ঘটনার পর পুলিশ হেফাজতে থাকা ওয়েই’র সহকর্মী মি. শাওকে আসামি করেছেন। তিনি বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোতায়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- ৩০২ ধারায় দায়ের করা হত্যা মামলায় মি. শাও নামক হন্তারক ওই সহকর্মীকে একমাত্র আসামি করা হয়েছে। যে বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, ‘নিহত ওয়েন্টাও ওয়েইর মরদেহ এখনও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। চীনা দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার বি ব্লকের ১১/৯ নং বাসায় স্বদেশী সহকর্মীর ছুরিকাঘাতে এক চীনা নাগরিক মি. ওয়েন্টাও ওয়েই নিহত হন।

পুলিশ জানায়, পাঠানটুলার ওই বাসায় একসঙ্গে ১২ জন চীনা নাগরিক বসবাস করতেন। তাঁরা সবাই কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করতেন। আজ সকালের দিকে অধিকাংশ কাজে চলে যান।

এরপর পঞ্চম তলার ৭ নম্বর ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় আশপাশের এলাকার বাসিন্দারা কিছু বলতে পারেননি। খবর পেয়ে পুলিশ কক্ষে ঢুকে লাশ উদ্ধার করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট