একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি, তাদের জন্য নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে ব্যর্থ শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সময় পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকবে।

এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে চার শ্রেণির শিক্ষার্থীর জন্য বিশেষ সুবিধার কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড।

বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রবাসীদের সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বোর্ড প্রয়োজনীয় প্রমাণক যাচাই-বাছাই করে তাদের ভর্তির ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ন্যূনতম জিপিএ শর্ত শিথিলযোগ্য হবে।

৭ শতাংশ আসনে কোটা

২০২৬ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট