কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কানাডার ম্যানিটোবায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ম্যানিটোবা ইসলামিক এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন।

উল্লেখ্য, ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন নিহতদের সকল প্রকার সাহায্য করার কথা জানিয়েছে।