গোয়াইনঘাটে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির লাশ দাফন করল পুলিশ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

গোয়াইনঘাটে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির লাশ দাফন করল পুলিশ

সিলেটের গোয়াইনঘাটে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল। এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে, ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন। এই আতঙ্কে কেউ লাশের দিকে এগিয়ে যাননি।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পরে কবর খোঁড়া থেকে শুরু করে লাশের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে পুলিশ।

জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৪৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের হাজীপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার সন্ধ্যার পর নাজিম উদ্দিন ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। আর বাড়ি ফেরেননি। পরে গতকাল বৃহস্পতিবার সকালে জাফলং চা–বাগানসংলগ্ন হাজীপুর সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, কৃষিকাজ করতেন মো. নাজিম উদ্দিন। বুধবার সন্ধ্যায় শরীরে ব্যথার ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। গতকাল ভোরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন খবর পান জাফলং চা–বাগানের পাশে হাজীপুর সড়কে তাঁর লাশ পড়ে আছে। তবে করোনাভাইরাসের আতঙ্কে কেউ তাঁর লাশ উদ্ধারে এগিয়ে আসছেন না। এমন খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে তাঁরা নিজেরাই কবর খোঁড়েন, লাশের জানাজা ও দাফন সম্পন্ন করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, বিষয়টি সিলেটের পুলিশ সুপারকে জানানো হয়। তাঁর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে কবর খোঁড়েন এবং বিকেলে দাফন সম্পন্ন করেন। তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট