পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর রসিকতা যেভাবে নিল ভারত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর রসিকতা যেভাবে নিল ভারত

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার (৪ অক্টোবর) পেঁয়াজ রপ্তানি বন্ধ নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘আমি আমার রাঁধুনীদের বলেছি যেন পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়।’

হিন্দি ভাষায় তিনি বলেন, ‘পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গ্যায়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি কিউ আপনে পেঁয়াজ বন্‌ধ কর দিয়া। ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বন্‌ধ কারদো। (পেঁয়াজ নিয়ে আমাদের সামান্য সমস্যা হয়ে গেল। আমি জানি না, কেন আপনারা পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমি আমার রাঁধুনীদের বলে দিয়েছি যে, এখন থেকে রান্না-বান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও।’

প্রধানমন্ত্রী রসিকতা করে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এসব কথায় অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি আগে থেকে না জানানোর কথা তুলে ধরে তিনি বলেন, আগে থেকে জানালে অন্য জায়গা থেকে ব্যবস্থা করতাম।

প্রধানমন্ত্রীর এসব বক্তব্য প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেঁয়াজ নিয়ে করা মন্তব্যগুলো নয়াদিল্লি গুরুত্ব সহকারে নিয়েছে। কীভাবে তার উদ্বেগ কমানো যায় ভারত তা ভাবছে।