১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭
আঙ্কারা : রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মায়ানামরের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সু চি’কে এরদোগান টেলিফোন করেন বলে প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের অফিস বলছে, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বৃদ্ধি বিশ্ব এবং মুসলিম দেশগুলোর মধ্যে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
টেলিফোনে নিরপরাধ বেসামরিকদের বিরুদ্ধে অভিযান ও সহিংসতার নিন্দা জানান এরদোয়ান। তিনি বলেন, রাখাইনের ঘটনা গুরুতর মানবিক সঙ্কটে রূপ নিয়েছে, যা জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তুরস্কের এই প্রেসিডেন্ট রাখাইনে নিরপরাধ মানুষের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে সু চিকে আহ্বান জানান। একই সঙ্গে বেসামরিকদের সুরক্ষায় গুরুতর সংবেদনশীলতা দেখানোর আহ্বান জানান এরদোগান।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের সঙ্গে আলোচনা করেছেন বলে টেলিফোনে সু চিকে জানান এরদোগান। মায়ানমারের ডি ফ্যাক্টো সরকারের প্রধান সু চি দেশটির প্রধানমন্ত্রী সমমর্যাদার।
এদিকে, মায়ানমার সেনাবাহিনী ও দেশটির বৌদ্ধ চরমপন্থীদের হাত থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাদের দুর্দশা দেখতে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
গত ২৫ আগস্ট মায়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর দেশটির সেনাবাহিনীর অভিযানে নারী, শিশুসহ এখন পর্যন্ত এক লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। মায়ানমার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রাখাইনে রোহিঙ্গাদের বাড়ি-ঘর ধ্বংস ও অত্যধিক বলপ্রয়োগের মাধ্যমে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিনের সহিংসতায় রাখাইনে অন্তত ৪০০ রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে।
সূত্র: আনাদুলো এজেন্সি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D