|
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান ও দুই যুবককে মারধরের অভিযোগে আলমাছ মিয়া নামে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) উপজেলার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, বহিষ্কৃত আলমাছ মিয়া কুলাউড়া উপজেলা বিএনপির জয়চন্ডী ইউনিয়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক। তিনি জয়চন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমাছ মিয়াকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে।
এতে প্রতিদিন যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছেন মানুষ। যানজট নিরসনে ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। সভায় শহরের ছয়টি স্থানে দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ আগস্টের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বলা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানানো হয়।
এরপর ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরে অভিযান চালান। এ সময় যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে এক চালককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। অটোরিকশার স্ট্যান্ডের এক ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকনেতা আলমাছের নেতৃত্বে অটোরিকশা চালকরা সড়কে এলো-মেলোভাবে গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপির উপজেলা কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের জন্য আরও বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।
৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আলমাছসহ আরেক অজ্ঞাতনামা ব্যক্তি দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করছেন। ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাচ্ছিলেন না। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতে দেখা যায়।
আতিকুর রহমান ইমরান আরও বলেন, রাস্তা বন্ধ করে এসিল্যান্ডের (সহকারী কমিশনার) বিরুদ্ধে খারাপ ভাষায় স্লোগান এবং চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের অভিযোগে মূলত আলমাছকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D