|
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী সহ সিটি কর্পোরেশনের ৭ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ভূমির উপর নির্মিত দোকান উচ্ছেদ না করে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালত।
গত ১২ আগস্ট এ আদেশ প্রদান করা হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনে মোট ৯ জনকে আসামী করে মামলাটি করেন দক্ষিণ সুরমার নিয়ামতপুর গ্রামের মৃত সৈয়দ মগফুর আলীর ছেলে সৈয়দ হোসাইন আহমদ।
মামলার বাদী অভিযোগ করেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত গোয়ালগাও মৌজার ১১৮৫ নং দাগে সরকারি রাস্তা রকম ভূমির পশ্চিমদিকে ১৩ ফুট অংশের ওপর তেলিরাই গ্রামের সোলেমানের ছেলে মনা ও আহাদ কর্তৃক অবৈধভাবে নির্মিত দোকান অপসারণ না করে আসামীরা অবৈধ যোগাযোগীমূলে রাস্তার পূর্বদিকে মামলার ১ নং সাক্ষী সৈয়দ ইকবাল আলীর ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল করে ড্রেন নির্মাণ করেন। এতে করে বাদী ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বিষয়টি একাধিকবার লিখিত আকারে সিটি কর্পোরেশনকে জানানো হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অবৈধ দোকান উচ্ছেদ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ড্রেন নির্মাণ করেন।
বাদী তার মামলায় অভিযোগ করেন, মামলার ৯ নং আসামী সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব তাকে হুমকি দিয়ে বলেন,’ এখানে যেভাবে কাজ চলতেছে সেভাবেই কাজ হবে কোন দোকান ভাঙ্গা হবে না, এই বিষয় নিয়ে যদি ভবিষ্যতে আর কোন কথা বলি তাহলে যেটুকু জায়গার উপর ড্রেন নির্মাণ করা হয়েছে তার চেয়ে অধিক জায়গা দখল করে ড্রেন নির্মাণ করা হবে এবং বেশি বুঝলে নিরুদ্দেশ করে ফেলব’।
মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ( সজেকা) সিলেট বরাবরে প্রেরণের আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ সিলেট মহানগর মুনসী আব্দুল মজিদ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জাফর ইকবাল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D