সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৬

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৬

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্তের পাশাপাশি সন্দেহজনক লক্ষণ নিয়ে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুর নাম মাহদি আক্তার তুহা। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকার জালালের সন্তান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

রোববার (১৬ আগস্ট) প্রাপ্ত স্বাস্থ্য সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ৯৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জ জেলায় ৩৫৭ জন এবং সিলেট জেলায় ৩১১ জন শনাক্ত হয়েছেন। সিলেট জেলার মোট আক্রান্তের মধ্যে ২ জন রুবেলা রোগীও রয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১৫৪ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২৯ জন সন্দেহজনক রোগীর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে ৭০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩০৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল হাসপাতালে ১০৯ জন ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, রাগীব রাবেয়া মেডিকেলে ১৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মাউন্ট এডোরা হাসপাতাল ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি রয়েছেন।

সব মিলিয়ে ১৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৩৬ জন। এর মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং ছয়জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট