বিয়ানীবাজারে বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

বিয়ানীবাজারে বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সানি আহমদ (২০) নামের এক বাস হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সানি আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মো. সফিক মিয়ার পুত্র। তিনি ০৪-০১১৯ নম্বরের যাত্রীবাহী বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ওই যাত্রীবাহী বাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। বাসটি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় পৌঁছালে হেল্পার সানি আহমদ বাসের গেটে ঝুলন্ত অবস্থায় ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাত পিছলে তিনি চলন্ত বাস থেকে ছিটকে সরাসরি চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর বাসের সুপারভাইজার আলম মিয়া (৩০) ও গাড়িতে থাকা যাত্রীদের সহযোগিতায় দ্রুত বাসটি থামিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চারখাইস্থ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট