১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত পাঁচ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম বিশ্বজিত, বয়স মাত্র ৭ মাস। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত তিন শিশুই এক বছরের কম বয়সী ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি হয় রুবেওলা ভাইরাসের কারণে, যা খুব সহজে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, বিশেষ করে হাঁচি-কাশি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে। হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে যেকোনো বয়সেই হতে পারে। শুরুতে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ছোট ছোট র্যাশ দেখা দেয়। পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ছোট শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া বা অপুষ্টি বাড়াতে পারে, তাই সময়মতো টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সিলেটসহ সারাদেশে এই মাসের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D