সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া শিশু আরিশার বয়স পাঁচ মাস ২১ দিন। আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মাসেই সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

এরআগে গত ৬ এপ্রিল সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩৯ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং হবিগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট