জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মো. আতিক আহমেদ (২০) মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আতিক জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। এসময় আতিক আহমেদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবি সদস্যসহ আরও তিনজন আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আহত আতিক আহমেদ সোমবার বিকেলে ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।