৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শাখা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ ৩ জনের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দাখিল করেছেন তদন্ত কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন।এ ঘটনায় জড়িত অপর দুই জন হলেন- সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের মাহমুদুল হাসান রুদ্র ও একই বর্ষের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ। তারা দুইজনই পার্থর অনুসারী ছাত্রলীগ কর্মী।
তদন্ত প্রতিবেদন অনুসারে, উক্ত তিন জন ভিকটিমকে যৌন হয়রানি, অশ্লীল মন্তব্য করা, থাপ্পর মারা, ভিকটিমের ফুফাত ভাইকে মারধর করা, সাংবাদিকের ক্যামেরা থেকে ছবি মুছে দেওয়া, খবর ছাপা হলে দেখে নেওয়ার হুমকি দেওয়া এবং পরবর্তীতে দুইজন সাংবাদিকের উপর হামলায় সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মারামারিতে অংশগ্রহণকারী আরও অজ্ঞাতনামা আসামি রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এর আগে, স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করলে শাবি প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসের উপর হামলা করে আসামিসহ ছাত্রলীগের অন্যান্য ১০-১২ জন কর্মী।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল শাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রী ঘুরতে এলে ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের হাতে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদি হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মো. মোহিতুল হকের আদালত ওইদিনই সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিনকে মামলাটির তদন্তের নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D