সোনার দাম আরও বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার টাকা

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

সোনার দাম আরও বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে স্বর্ণের দাম। নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এই মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। বাজুসের ঘোষিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা।

অপরদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা এবং আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ২৪০ ডলার অতিক্রম করেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট