জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এর প্রক্ষিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আহ্বান জানায়।

এতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।

এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে নিম্নরূপ বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে।

জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা-

১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।
২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।
৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।
৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন [বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট] (https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট