৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের চিত্র তুলে ধরে এক জোরালো বার্তা দিলেন। তিনি বলেন, ‘এখন আর চুপ করে থাকার সময় নয়। সিলেটের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্য আজ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উপদেষ্টাদের নিয়ে একবার সড়কপথে সিলেট ঘুরে দেখুন তবেই বুঝতে পারবেন বাস্তব চিত্র।’
শুক্রবার (১০ অক্টোবর) নগরীর কুমারপাড়াস্থ নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি আরও জানান, আগামী রবিবার (১২ অক্টোবর) নগরীর কোর্ট পয়েন্টে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ‘সিলেটের প্রতি কেন্দ্রীয়ভাবে যে বৈষম্য চলছে, তা আর সহ্য করা যায় না। আওয়ামী লীগের টানা ১৫-১৭ বছরের শাসনামল পার হয়ে গেলেও সিলেটের প্রতি ন্যায্য উন্নয়ন বরাদ্দ হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই পথে হাঁটছে। এই অবিচারের বিরুদ্ধে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।সিলেটবাসীর মৌলিক অধিকার- নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা- আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়কের অবস্থা করুন। সংস্কার চলছে বছরের পর বছর, অথচ কোনো অগ্রগতি নেই। প্রতিদিন মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকে। রাস্তায় মানুষের সময় নষ্ট হয়, দুর্ঘটনা বেড়েছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাটের এই অচলাবস্থায় সিলেটে পণ্য আনতে সময় বেশি লাগায় পণ্যের দামও বেড়ে যাচ্ছে। ফলে এখানকার মানুষকে নিত্যপণ্যের জন্য বাড়তি মূল্য গুনতে হচ্ছে।অথচ এই সমস্যা সমাধানে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। রেলপথে সময়মতো ট্রেন আসে না, কোচগুলো পুরনো, জরাজীর্ণ। বিমানের ভাড়াও অস্বাভাবিক। এই তিন পথেই আমরা বৈষম্যের শিকার।’
এসময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবার, যখন কোনো সরকারপ্রধান সিলেটে একবারের জন্যও আসেননি। অতীতে সব সরকারপ্রধানই ওলি-আউলিয়াদের মাজার জিয়ারতের জন্য হলেও সিলেটে এসেছেন। কিন্তু এবার সেই ঐতিহ্যও ভঙ্গ হয়েছে। আমি সরকারপ্রধানকে আহ্বান জানাচ্ছি- অন্তত একবার উপদেষ্টাদের নিয়ে সড়কপথে সিলেট ঘুরে দেখুন, তবেই বাস্তব চিত্রটি বুঝতে পারবেন।’
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের পক্ষ থেকে এসব সমস্যার সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সিলেটে না এসে সিলেটের জনগণকে অবহেলা করেছেন।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D