৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫
সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা ও মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎকক্ষনিক সকল আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাসিয়া ব্রিজের দু’পারে দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। পুলিশের পক্ষ থেকে বিবদমান দুই গ্রুপকে নিবৃত করার চেষ্টা চলছে।
এদিকে সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সিলেটের বিশ্বনাথে সভা-সমাবেশ করছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। এসব নেতাদের প্রায় সকলেই আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে অভিযুক্ত। তাদের অধিকাংশই আওয়ামী সখ্যতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের সকল নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিস্কৃত হয়েছিলেন। অনেকে প্রাথমিক সদস্যপদও হারিয়েছিলেন।
বিএনপি থেকে বহিস্কৃত নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশকে ঘিরে বুধবার থেকেই গোটা বিশ্বনাথ পৌর সদরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
আজ মো. হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন বিশ্বনাথ উপজেলা সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে মো. হুমায়ুনপন্থীরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল।
ঘন্টাব্যাপী দুপক্ষের ইটপাঠকেলে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে রাত পৌনে ১১টার দিকে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D