সিলেটে আদালত চত্বরে নারীর কাণ্ড, আহত ২

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সিলেটে আদালত চত্বরে নারীর কাণ্ড, আহত ২

সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে আসামি মো. আব্দুস শুকুর খালাস পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী ওই মামলার বাদিনী মোছাম্মৎ নুরজাহান বেগম আদালত চত্বরে আসামি পক্ষের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় আসামীপক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন।

এই ঘটনায় মোছাম্মৎ নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ষ্ঠ তলায় ঘটনাটি ঘটে।

হামলায় আহতরা হলেন, সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন ঘাসিটুলা এলাকার মৃত মো. বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫৭) ও বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান (২৯)।

জানা গেছে, বিশ্বনাথ থানার সিআর মামলা নং ৪৯৭/২০২৩ ইং, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা মামলার একমাত্র আসামি সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর এলাকার আব্দুর রউফের ছেলে মো. আব্দুস শুকুর (৪০)-কে চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত সিলেটের বিচারক আব্দুল্লাহ আল নোমান খালাস প্রদান করেন। আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে বাদিনী সিলেটের বিশ্বনাথ থানার ধলিপাড়া শেখপাড়া এলাকার মৃত মো: মন্তাজ আলীর মেয়ে মোছা. নুরজাহান বেগম (৩৮) আদালত ভবনের ৬ষ্ঠ তলা থেকে দৌড়ে ৩য় তলায় পৌঁছে আসামিপক্ষের ওপর হামলা চালান। এসময় তিনি আসামিপক্ষের লোকজনদের উপর চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকলে আসামিপক্ষের লোকজন রক্তাক্ত জখম হন। পরে তারা দৌড়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। তাৎক্ষণিকভাবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং বিজ্ঞ কৌশলীরা দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারী বাদিনী মোছা. নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করেন। তাদের কাছ থেকে একটি চাকু, একটি হাতুড়ি এবং একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়।

এই ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদিকুর রহমানকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পর আদালত ভবনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আজ দুপুরে আদালত প্রাঙ্গনে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে খালাস পাওয়া আসামির উপর ক্ষুব্ধ হয়ে মামলার বাদিনী আদালত প্রাঙ্গণে হামলা করেন। এ ঘটনায় আসামীপক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন। এবং দুইজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি, অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট