২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ পৌঁছেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। বিশেষজ্ঞ দলটি ভবনের ভেতরে ঢুকে আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে লাশ উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে ঢাকা থেকে তারা এসে পৌঁছান।
গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াত ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। টানা চার দিন অভিযান শেষে গত ২৮ মার্চ এ ভবনের ভেতরেই চার জঙ্গির লাশ পাওয়া যায়। সেদিনই অভিযান শেষ করে সেনাবাহিনী। মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কা করেন তারা।
গত ২৯ মার্চ থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রায় পাঁচ দিন পর আজ সোমবার সকালে র্যাবের বিশেষজ্ঞ দল এসে পৌঁছালো। তবে এখনো বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলের বাইরে অবস্থান করছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।তিনি জানান, আতিয়া মহলের ভেতর নিহত দুই জঙ্গির লাশ পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে ঢুকে আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে লাশ উদ্ধার করা হবে।
এদিকে আতিয়া মহলের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে জারি করা ১৪৪ ধারা গত বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করা হয়। এরপর সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যানবাহন স্বাভাবিক হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন জানান, আতিয়া মহল এখনো পুলিশের নিয়ন্ত্রণে আছে। ভবনের আশপাশে জনসাধারণকে যেতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে শিববাড়িতে আতিয়া মহল নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী ও সোয়াট। পরদিন সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের ওই অভিযানে চার জঙ্গি নিহত হয়। ২৫ মার্চ রাতে গ্রেনেড বিস্ফোরণে ছয় জন নিহত ও ৫০ জনের মতো আহত হওয়ার ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D