২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয় ইসকন কর্মীদের বাধায় বন্ধ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২১ দিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান।
এর আগে গত ২৭ নভেম্বর থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। টানা ২১ দিন বন্ধ থাকার পর ৭০ মেট্রিক টন মাছ রপ্তানির মাধ্যমে শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশের মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশি ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেননি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের উদ্যোগ নিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে আলোচনার পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার জারা এন্টারপ্রাইজের ৯টি ট্রাকে ৬৭ মেট্রিক টন বিভিন্ন জাতের বাংলাদেশি মাছ ও সুমন খান নাম এক ব্যবসায়ীর আরও এক ট্রাকে ৩ মেট্রিক টন বাংলাদেশি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, টানা ২১ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকা অবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার দুপুরে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭ মেট্রিক টন বাংলাদেশি মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর ৩ মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভারতীয় এলাকায় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশি মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১ দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D