১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
আজ সোমবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস। প্রতিবারের মতো এ বছরও দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করবে অন্তর্বর্তী সরকার। দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করবে।
দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে (টিএসসির বিপরীত পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়) বিকাল ৩টায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪’ এর কর্মসূচির অংশ হিসেবে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নারীর অধিকার আন্দোলন ও নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া। মুক্তচিন্তা দৃষ্টিভঙ্গির জন্য বিরল ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশে স্মরণীয় হয়ে আছেন। ১৯০৯ সালে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ নামে একটি স্কুল স্থাপন করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় ১৯১৭ সালে এই স্কুল ইংরেজি গার্লস স্কুলে এবং ১৯৩১ সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে রূপান্তরিত হয়। কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। আর মাত্র ৫২ বছর বয়সে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।
বাঙালি মুসলমান সমাজে নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বেগম রোকেয়া বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবজাগরণের সূচনায় প্রধান নেতৃত্বে ছিলেন। বাঙালি মুসলিম সমাজে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার এবং নারী স্বাধীনতার পক্ষে নিজের মতবাদ প্রচার করেন।
বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি।
এদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা’র উদ্যোগে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সিলেটে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় র্যালী বের করা হবে। সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জয়িতা সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D