১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনেই নিজের ওপর হামলার বিচার পেতে যাচ্ছেন খাদিজা বেগম নার্গিস। বুধবার বহুল আলোচিত খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করবে আদালত।
মামলার যুক্তিতর্ক শেষে রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের জন্য এ তারিখ ধার্য্য করেন।
নারী দিবসে দেয়া রায়ে ন্যায়বিচার পাবেন খাদিজা আর নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই রায়- এমনটাই আশা করছেন খাদিজার স্বজনসহ সচেতন মহল।
খাদিজা বেগম নার্গিসও এ মামলার রায়ে- নিজের ওপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে খাদিজা বলেন, আমার ওপর এমন সহিংস হামলায় বদরুলের দৃষ্টান্তমূলক বিচার না হলে যেমন সমাজে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমনি আমার জীবন আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে। সেই সঙ্গে অন্যায়কারীরা আরো সাহস পাবে এমন আরো ঘটনা ঘটাতে। নারীরা আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে। তাই আমি আশা করছি- বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
প্রেমের আহ্বানে সাড়া না দেয়ায় গত বছরের ৩ অক্টোবর বিকেলে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। সংকটাপন্ন অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সেই রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। সেখানে দীর্ঘদিন চলে খাদিজার চিকিৎসা। বর্বর হামলায় প্রায় মৃত্যুর মুখে চলে যাওয়া খাদিজা অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে সুস্থ্য হয়ে ওঠেন।
স্কয়ার হাসপাতাল থেকে থেরাপি দেয়ার জন্য খাদিজাকে স্থানান্তর করা হয় সাভারের সিআরপি-তে। এরপর সেখানে চিকিৎসা শেষে বর্তমানে সিলেটে নিজের বাড়িতে আছেন খাদিজা।
সুস্থ হয়ে বাড়ি ফিরে সিলেটের আদালতে হাজির হন খাদিজা। সাক্ষ্য দিয়েছেন তাকে হত্যাচেষ্টা মামলায়। আদালতে বলেছেন কিভাবে সেদিন তার ওপর নৃশংস হামলা চালিয়েছিলেন বদরুল। একই সাথে দাবি করেছেন বদরুলের সর্বোচ্চ শাস্তি।
প্রসঙ্গত, খাদিজা হত্যাচেষ্টা মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। সর্বশেষ সাক্ষী হিসেবে ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন খাদিজা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D