৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এই আগুনে প্রায় ৩০০টির মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।
বিএফডিসি গেট সংলগ্ন এই বস্তিতে লাগা আগুনে পুড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে। এ বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তবে আমরা তদন্তের মাধ্যমে জানতে পারব আসলেই কী কারণে আগুন লেগেছে। এই ঘটনায় দুইজন মারা গিয়েছেন। পরিবারের দাবি অনুযায়ী লাশ শনাক্তকরণের কাজ চলছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বস্তিতে আগুন লেগে যায়। এ সময় ভিতরে অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের ধারণা নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে বের হতে পারেননি।
এদিকে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু বলে জানা গেছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D