৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩
ঝাঁকে উড়ে আকাশজুড়ে দেখতে কি সুন্দর/ জালালের জালালী কইতর’, দ্বীনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাঁইটা যায়/হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়’, এমন অনেক কালজয়ী গানের স্রষ্টা বাউল শাহ আব্দুল হামিদ জালালী আর নেই। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সিসিকের সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলনের স্বামী ও সাংবাদিক সুবর্ণা হামিদের পিতা বাউল আবদুল হামিদ জালালির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
২০০৮ সাল থেকে অসুস্থ এ বাউল শিল্পী ৪ বার স্ট্রোক করেন। দরাজ গলার এ বাউলশিল্পী মৃত্যুর আগে নির্বাক হয়ে পড়েন। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতেন শুধু।
গুণী এ বাউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি। তিনি বলেন, বুধবার রাতে বাউলের অবস্থার অবনতি হয়। দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় রাতেই রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
বাউল আবদুল হামিদ জালালি অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা। এগুলোর মধ্যে ঝাঁকে উড়ে আকাশজুড়ে/দেখতে কী সুন্দর/ জালালি কইতর/ জালালের জালালি কইতর’।
হজরত শাহজালাল (রহ.) দরগাহর প্রাঙ্গণজুড়ে হাজারো জালালি কবুতরের ওড়াউড়ি দেখে ১৯৭৮ সালে তিনি এ গানটি লিখেছিলেন। এছাড়াও দ্বীনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাঁইটা যায়/ হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়’, ‘মায়াবিনী কালনাগিনী, মায়াবিনী কালসাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়/ পুরুষ মরলো ব্যভিচারে নারী কিন্তু দোষী নয়’-শীর্ষক গানগুলো দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
১৯৪৯ সালের ১৫ জুন বগুড়া জেলার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ার চকনন্দন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম আবু তালেব ও মাতার নাম জাবেদা বেগম। তিনি বর্তমানে নগরীর গোয়াইপাড়ায় সপরিবারে বসবাস করতেন।
গুণী এ বাউলের মৃত্যু সংবাদ শুনে দুপুর থেকে তার ভক্ত অনুসারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় জমে তার গোয়াইপাড়াস্থ বাসভবনে।
শুক্রবার (২১ এপ্রিল) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, বাউল আব্দুল হামিদ জালালী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। অন্যদিকে, তিনি একজন খ্যাতিমান গীতিকার ছিলেন। ‘ঝাকে উড়ে আকাশ জুড়ে/মায়াবিনী কালসাপিনী’-সহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন তিনি। তার স্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর শোক:
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক সুবর্ণা হামিদের পিতা ও চ্যানেল আই সিলেটের প্রতিনিধি সাদিকুর রহমান সাকি’র শশুর বিশিষ্ট গীতিকার বাউল শিল্পী আব্দুল হামিদ জালালী এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইমজার শোক;
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর কার্য নির্বাহী সদস্য ও সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদের বাবা জনপ্রিয় গীতিকার ও বাউলশিল্পী মো. আব্দুল হামিদের মৃত্যুতে ইমজা পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন এক শোক বার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবং আব্দুল হামিদের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D