৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বৃহত্তর সিলেট অঞ্চলের সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় এবং ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় সিলেট অঞ্চলের ৪টি জেলায় এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।
“সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এর প্রত্যক্ষ নির্দেশনায় ১৭ পদাতিক ডিভিশন সর্বদা সিলেটবাসীর কল্যাণে ও যেকোন প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই খাদ্য বিতরণ কর্মসূচী সাধারণ জনগণের মাঝে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। গত ২০২২ সালে সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় একইভাবে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ভূমিকা ছিল অনস্বীকার্য।
১৭ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলায় এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী, সুনামগঞ্জ জেলার ছাতক ও কোম্পানীগঞ্জ এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও লাখাই উপজেলায় সর্বমোট ৩০৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এবং জৈন্তাপুর উপজেলায় তার স্ত্রী মিসেস শিরিন সুলতানা মিলি নিজ হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, সেনাসদস্যগণ নিজেদের জন্য বরাদ্দকৃত শুকনা রশদের অংশবিশেষ (চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চাল চিনিগুড়া, সেমাই, চা পাতা এবং গুড়া দুধ) খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনী বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D